কক্স ক্যামব্রিয়ান স্কুল ( ইক্বরা মোস্তফা কামাল নূরানী মাদ্রাসা)
দক্ষিণ রুমালিয়ার ছরা, সদর, কক্সবাজার
01839922008, [email protected]
মোট 8টি নোটিশ পাওয়া গেছে
#কক্ষ পরিদর্শকের দায়িত্ব ও করণীয়
পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রত্যেক কক্ষ পরিদর্শককে নিম্নলিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করতে হবে—
১. পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে নির্ধারিত কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের হাতে উত্তরপত্র প্রদান করতে হবে এবং নির্ধারিত সময়ে প্রশ্নপত্র সরবরাহ করতে হবে।
২. সকল শিক্ষার্থীর উত্তরপত্রে নাম, রোল নম্বর, বিষয় ও তারিখ যথাযথভাবে লেখা হয়েছে কি না যাচাই করে নির্দিষ্ট স্থানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর করতে হবে।
৩. কোনো শিক্ষার্থী উত্তর ভুল লিখলে, না লিখলে বা লিখতে না পারলে কোনো অবস্থাতেই উত্তর বলে দেওয়া বা লিখে দেওয়া যাবে না। প্রয়োজনে শুধু প্রশ্নের অর্থ বা নির্দেশনা বুঝিয়ে দেওয়া যাবে।
৪. কোনো শিক্ষার্থীর সঙ্গে অপ্রয়োজনীয় আলাপ করা বা তার পাশে বসে থাকা যাবে না।
৫. অতিরিক্ত উত্তরপত্র/কাগজ বিতরণের সময় কক্ষ পরিদর্শকের স্বাক্ষর বাধ্যতামূলক।
৬. কোনো পরীক্ষার্থী কক্ষ পরিদর্শকের কাছে কিছু জানতে চাইলে বা অতিরিক্ত কাগজ নিতে চাইলে নিজ আসনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী নিজ আসন ত্যাগ করতে পারবে না।
৭. পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের পূর্বে উত্তরপত্র জমা নেওয়া যাবে না। তবে কোনো শিক্ষার্থীর লেখা শেষ হয়ে গেলে তার উত্তরপত্র ভালোভাবে যাচাই করে সব অংশ যথাযথভাবে লেখা থাকলে খাতা জমা নেওয়া যেতে পারে। কোনো ভুল পরিলক্ষিত হলে উত্তর বলে দেওয়া যাবে না।
৮. কক্ষ পরিদর্শকগণ দায়িত্ব পালনকালে *কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
৯. পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত কোনো পরীক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্র চাইলে তা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করতে হবে।
১০. প্রশ্নপত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে অবহিত করতে হবে। প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কালো কালি দিয়ে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। কোনো অবস্থাতেই কক্ষ পরিদর্শক নিজ সিদ্ধান্তে প্রশ্ন সংশোধন করতে পারবেন না।
১১. কোনো অবস্থাতেই দায়িত্বপ্রাপ্ত কক্ষ ব্যতীত অন্য কোনো পরীক্ষার কক্ষে প্রবেশ করা যাবে না।
১২. কোনো কক্ষ পরিদর্শক দায়িত্বে অবহেলা করলে অথবা পরীক্ষার নিয়ম-কানুন ভঙ্গ করলে তাকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
১৩. সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করে উপস্থিতি পত্রে শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ* করতে হবে এবং পরিশেষে কক্ষ পরিদর্শকের নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে।
১৪. যারা কোনো শিক্ষার্থীকে কোচিং বা প্রাইভেট পড়ান, তারা পরীক্ষার হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে *কোনো ধরনের ব্যক্তিগত আলাপ করতে পারবেন না এবং তাদের উত্তরপত্র চেক করতে পারবেন না*। তবে স্বাভাবিকভাবে লেখার জন্য প্রয়োজনীয় সাধারণ নির্দেশনা দিতে পারবেন।
১৫. সকল শিক্ষার্থী লিখছে কি না, সে বিষয়ে কক্ষ পরিদর্শককে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে*। বিশেষ করে ধীরগতিতে লেখে বা অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে।
১৬. উত্তরপত্র জমা নেওয়ার সময় শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর লিখেছে কি না তা ভালোভাবে যাচাই করতে হবে। কোনো অংশ ফাঁকা থাকলে পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বে উত্তরপত্র জমা নেওয়া যাবে না।
১৭. পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীকে শাসন, ধমক বা অপমানজনক ভাষায় কথা বলা যাবে না। শৃঙ্খলা বজায় রাখতে ভদ্র ও সংযত আচরণ করতে হবে।
১৮. কোনো অভিভাবককে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং পরীক্ষার কক্ষের দরজায় দাঁড়িয়ে থাকতেও দেওয়া যাবে না।
১৯. কোনো অভিভাবক পরীক্ষার পরিবেশে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আসন বা প্রয়োজনবোধে কক্ষ পরিবর্তন করে দিতে হবে, যাতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।
বিশেষ নির্দেশনা
পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকের প্রধান দায়িত্ব হলো—সকল পরীক্ষার্থীকে সমান সুযোগ প্রদান, নিরপেক্ষতা বজায় রাখা, পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করা এবং কোনো শিক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উত্তর প্রদানে সহায়তা না করা।
পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশনা সকল কক্ষ পরিদর্শকের জন্য বাধ্যতামূলক।
প্রধান শিক্ষক
আলহামদুলিল্লাহ! গৌরবের অর্জন
কক্স ক্যামব্রিয়ান স্কুল, সদর, কক্সবাজার-এর জন্য আজ অত্যন্ত আনন্দ ও গর্বের দিন।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠানের ২০২৫ সালের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী
সরকারি প্রাথমিক বৃত্তি–২০২৫-এ সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
এই অসাধারণ সাফল্যের জন্য নকিবকে জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভেচ্ছা।
এই অর্জনের পেছনে যাঁদের আন্তরিক পরিশ্রম, স্নেহ, দিকনির্দেশনা ও দোয়া রয়েছে—সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সকল শুভানুধ্যায়ীদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি নকিবকে সুস্বাস্থ্য, উত্তম চরিত্র, জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ করে ভবিষ্যতে দেশ ও জাতির একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন।
অভিনন্দন নকিব!
তোমার এই সাফল্য আমাদের সবার গর্ব।
তোমার আগামী দিনের পথচলা হোক আরও উজ্জ্বল, সফল ও গৌরবময়।
কক্স ক্যামব্রিয়ান স্কুল
সদর, কক্সবাজার
সতর্কীকরণ নোটিশ
বিষয়: শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান থেকে বিরত থাকা প্রসঙ্গে।
এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাকে অবগত করা যাচ্ছে যে, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বা কোনো প্রকার অপমানজনক শাস্তি প্রদান শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও শিশু সুরক্ষা নীতিমালার পরিপন্থী।
শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা ও আচরণগত উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক, মানবিক ও শিক্ষাবান্ধব পদ্ধতি অনুসরণ করার জন্য সকলকে নির্দেশ প্রদান করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন, অপমান, কটূক্তি বা মানসিকভাবে আঘাত করে এমন আচরণ করা যাবে না।
যদি কোনো শিক্ষক/শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে শাস্তি প্রদান সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়, তবে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
উপস্থিতি ও হাজিরা প্রদান সংক্রান্ত
সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের উপস্থিতি (Attendance) গ্রহণের জন্য নির্ধারিত সময়সূচি নিম্নরূপঃ
১ম শিফট
* বিদ্যালয় খোলার সাথে সাথে উপস্থিতি গ্রহণের ডিভাইস চালু করা হবে।
* ডিভাইস সকাল ৮:৪৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।
* সকাল ৮:৩০ মিনিটের পরে আগমন করলে লেইট (Late) হিসেবে গণ্য করা হবে।
* সকাল ৮:৪৫ মিনিটের পরে শ্রেণিকক্ষে উপস্থিত হলে হাজিরা গ্রহণ করা হবে না, তবে শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
২য় শিফট
* উপস্থিতি গ্রহণের ডিভাইস সকাল ১০:৪৫ মিনিট থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।
* সকাল ১১:০০ টার পরে আগমন করলে লেইট (Late) হিসেবে গণ্য করা হবে।
* সকাল ১১:১৫ মিনিটের পরে শ্রেণিকক্ষে উপস্থিত হলে হাজিরা গ্রহণ করা হবে না, তবে শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
শিক্ষকদের জন্য
* সকল শিক্ষককে সকাল ৮:২০ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
* সকাল ৮:২০ মিনিটের পরে উপস্থিত হলে তা লেইট (Late) হিসেবে গণ্য করা হবে।
সকলকে নির্ধারিত সময় মেনে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
প্রধান শিক্ষক
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকারি নির্দেশনা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাবা কাউছার জান্নাত লিলি-এর অনুমোদনক্রমে অভিভাবক-শিক্ষক সমিতি (PTA) গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিভাবক-শিক্ষক সমিতির রূপরেখা অনুযায়ী বিদ্যালয়ের অভিভাবকদের মধ্য হতে ৪ (চার) জন পুরুষ এবং ৪ (চার) জন মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে ১ (এক) জন PTA-এর সভাপতি এবং ১ (এক) জন PTA-এর সহ-সভাপতি নির্বাচিত করা হবে। PTA-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী অভিভাবকদের আগামী ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট শ্রেণির অভিভাবকদের মতামতের ভিত্তিতে প্রতিটি শ্রেণির জন্য ১ (এক) জন প্রতিনিধি মনোনীত করা হবে।
২য় মডেল টেস্টের সময়সূচি প্রকাশ-২০২৬ (নূরানী শাখা)
২য় মডেল টেস্টের সময়সূচি প্রকাশ-২০২৬ (স্কুল শাখা)
পরীক্ষার সময়সূচি (সংশোধিত)-২০২৬